
বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ এবং ঈদে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সিনেমা ‘মালিক’-এর সাফল্যের ধারাবাহিকতায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এবার প্রথমবারের মতো ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি।
জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন এই দুই তারকা। সিনেমাটি নির্মিত হচ্ছে চরকির মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের আওতায়, আর প্রযোজনার দায়িত্বে রয়েছে ছবিয়াল।
সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’-তে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন আরিফিন শুভ। তার নতুন লুক, সংযত অভিনয় এবং সংলাপ বলার ভিন্নধর্মী ভঙ্গি ভারত ও বাংলাদেশ—দুই দেশের দর্শকদেরই মুগ্ধ করেছে।
এর আগে ঈদে মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমাতেও অ্যাকশনধর্মী চরিত্রে দর্শকদের ইতিবাচক সাড়া পান তিনি। সেই ধারাবাহিকতায় এবার একেবারেই ভিন্ন ঘরানার রোমান্টিক-কমেডি (রম-কম) সিনেমায় দেখা যাবে তাকে।
নির্মাতা জাহিদ প্রীতম জানান, ‘হ্যাপিলি ম্যারিড’ সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে কেন্দ্র করে নির্মিত একটি গল্প। এখানে ভিন্ন সময় ও মানসিকতার দুই মানুষের জীবন, সম্পর্ক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন তুলে ধরা হবে।
তিনি বলেন, “কাছাকাছি সময়ের দুটি সময়ের মানুষের গল্প এটি। তারা ব্যক্তি, পরিবার, সমাজ ও সম্পর্ককে কীভাবে দেখে, সেই বিষয়গুলোই সিনেমায় উঠে আসবে। দর্শকদের জন্য এটি একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হবে বলে আমি বিশ্বাস করি।”
সিনেমায় আনিস চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। সাধারণত অ্যাকশনধর্মী বা শক্তিশালী পুরুষ চরিত্রে দেখা গেলেও এবার তাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। নির্মাতার ভাষায়, এটি একজন ‘সিগমা মেইল’-এর চরিত্র—যিনি আত্মনির্ভরশীল, দায়িত্বশীল এবং নিজের জগৎ নিয়েই বাঁচতে অভ্যস্ত।
এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘উনিশ২০’-এর পর আবার চরকির সঙ্গে কাজ করছি। এটি রোমান্টিক-কমেডি ঘরানার একটি সিনেমা। আমার ক্যারিয়ারে এমন চরিত্র আগে কখনও করিনি। দর্শকরা আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখবেন না। এটি প্রচলিত শক্তিশালী নায়ক চরিত্র নয়।’
তিনি আরও জানান, তার চরিত্রটি মফস্বলের এক দায়িত্বশীল তরুণের, যার জীবনের কেন্দ্রবিন্দু পরিবার, ছোট ভাইবোন এবং প্রিয় মানুষদের ঘিরে।
অন্যদিকে, সিনেমায় অনামিকা চরিত্রে অভিনয় করছেন কেয়া পায়েল। তিনি একজন আধুনিক, উচ্চবিত্ত তরুণীর ভূমিকায় অভিনয় করছেন, যার জীবন আবর্তিত হয় সামাজিক যোগাযোগমাধ্যম, সেলিব্রেটি সংস্কৃতি এবং ভার্চুয়াল জগতের নানা আকর্ষণকে ঘিরে।
নির্মাতার আশা, বাস্তব জীবন, ভালোবাসা, পারিবারিক মূল্যবোধ এবং ডিজিটাল যুগের সম্পর্কের টানাপোড়েনকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা ‘হ্যাপিলি ম্যারিড’ দর্শকদের কাছে একটি ব্যতিক্রমধর্মী সিনেমা হিসেবে গ্রহণযোগ্যতা পাবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন